RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ব্রিটেনে পুলিশকর্মীদের আচরণবিধি নিয়ে নির্দেশিকা, শুরু বিতর্ক

ব্রিটেনে পুলিশকর্মীদের জন্য প্রকাশিত আচরণবিধির নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

মুসলিম পুরুষদের সামনে শালীন পোশাক পরা এবং প্রয়োজন না পড়লে কথা না বলার মতো একাধিক নির্দেশিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ব্রিটেনে। সম্প্রতি ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল বা এনপিসিসি প্রকাশিত একটি টুলকিট ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ওই নির্দেশিকায় পুলিশকর্মীদের জন্য মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের নির্দিষ্ট নিয়ম বাতলে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বিপরীত লিঙ্গের মুসলিম ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বজায় রাখতে হবে। প্রয়োজনে মহিলা পুলিশকর্মীর বদলে পুরুষ কর্মী পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে।

এছাড়া মসজিদ বা মুসলিমদের বাড়িতে জুতো খুলে ঢোকা, শান্ত ও শ্রদ্ধাপূর্ণ আচরণ করা এবং পুলিশ কুকুর না নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। ময়নাতদন্তের ক্ষেত্রেও কিছু নির্দেশিকা রয়েছে। মৃত মুসলিম মহিলার ময়নাতদন্ত পুরুষ বিশেষজ্ঞ করলে পরিবারের পুরুষ সদস্যকে সেখানে রাখার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। অভিবাসীদের তোষণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ এর তীব্র সমালোচনা করে একে দ্বি-স্তরবিশিষ্ট পুলিশি ব্যবস্থার প্রমাণ বলে দাবি করেছেন।