RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির মৃত্যু, মিলল রক্তাক্ত দেহ

প্রেসিডেন্সি জেলের ভেতর থেকে এক বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে, শুরু হয়েছে পুলিশের তদন্ত।

প্রেসিডেন্সি জেলের ভিতর থেকে এক বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত বন্দির নাম মহঃ আলিফ। তাঁর বয়স ৪৪ বছর। তিনি মধ্যমগ্রাম থানা এলাকার বাসিন্দা ছিলেন। ২০২০ সালের একটি মাদক মামলায় তিনি বিচারাধীন বন্দি হিসেবে জেলে ছিলেন। এ ছাড়াও ২০১০ সালে তাঁর বিরুদ্ধে শিয়ালদহ জিআরপি-তে অভিযোগ ছিল।

পুলিশ ও জেল সূত্রে জানা গিয়েছে, বিকেলে জেলের রোল কলের সময় ওই বন্দিকে খুঁজে পাওয়া যায়নি। এরপর তল্লাশি শুরু হলে সেলের পিছনের শৌচাগারের পাশে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথা এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ইট বা ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দারা। ইতিমধ্যেই তাঁরা প্রেসিডেন্সি জেলে গিয়েছেন এবং সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছেন। জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। আগামীকাল ওই বন্দির মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।