পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বাজেট বা সফর পরিবর্তন? কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন নিয়ে জল্পনা
আগামী ৩০ নভেম্বর কলকাতায় বিজেপির সংবিধান গৌরব অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
খুব শীঘ্রই ফের রাজ্য সফরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী ৩০ নভেম্বর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির সংবিধান গৌরব অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। গেরুয়া শিবির সূত্রে এমনটাই জানানো হয়েছে। তবে এই সফর নিয়ে এখনও সরকারিভাবে কোনো পক্ষই নিশ্চিত করেনি।
২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে রাজ্যজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই উপলক্ষেই শাহের এই সফর বলে খবর। যদিও ৩০ নভেম্বর সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। ওই দিন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি বাধ্যতামূলক হওয়ায় তাঁর বঙ্গ সফর স্থগিত বা পরিবর্তিত হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, গত দেড় মাস আগেই পুজোর সময় দুদিনের রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি নভেম্বর মাসের শেষেই তাঁর এই সম্ভাব্য সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।