পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কালীপুজোর বিসর্জন শোভাযাত্রায় নজর কাড়তে সিউড়িতে বিচিত্র চুলের ছাঁট
কালীপুজোর প্রতিমা বিসর্জনের আগে অভিনব চুলের ছাঁট ও নকশা নিয়ে সিউড়িতে প্রস্তুতি শুরু করেছে বামদেব ক্লাবের যুবকেরা।
কালীপুজোর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাকে ঘিরে বীরভূমের সিউড়িতে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। এ বারও এলাকার কিশোর ও যুবকদের চুলের অভিনব ছাঁট শহরবাসীর নজর কাড়তে চলেছে।
সিউড়ির এসপি মোড়ের বামদেব ক্লাবের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা কালীপুজোর অন্যতম প্রধান আকর্ষণ। অন্য ক্লাবে আলো বা ডিজে বাজলেও, এই ক্লাবের প্রধান আকর্ষণ সদস্যদের চুলের বিচিত্র নকশা।
শনিবার থেকেই স্থানীয় সেলুনগুলিতে ভিড় জমান যুবকরা। এ বার চুল কেটে মাথায় অক্টোপাস ও এলিয়েনের মুখ ফুটিয়ে তুলছেন অনেকে। সুবোধ সোনার এবং আদি মাহারা নামের দুই যুবক দেড় হাজার টাকা খরচ করে মাথায় এই নকশা করিয়েছেন।
চুল কাটার পাশাপাশি চুলে হরেক রকম রংও ব্যবহার করা হচ্ছে। সারা বছর এই ধরনের সাজের সুযোগ না থাকায় বিসর্জনের দিনটিকে বেছে নেন কিশোরেরা। রবিবারের এই রঙিন শোভাযাত্রা দেখতে প্রতি বছরই ভিড় জমান বহু মানুষ।