বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
বাংলাদেশে অশান্তি, ঢাকায় একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বার্তার মাঝেই ঢাকায় বাসে আগুন এবং গোপালগঞ্জে থানায় হামলার ঘটনা ঘটেছে।
ডিসেম্বর মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারেন এমন বার্তার পরেই বাংলাদেশে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় চারটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
মঙ্গলবার রাত প্রায় নটা নাগাদ মিরপুরের পল্লবীতে প্রথম একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এরপর মহাখালী, বাড্ডা এবং রামপুরা অঞ্চলেও তিনটি বাসে আগুন দেওয়া হয়। পল্লবীর ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
ঢাকার পাশাপাশি অশান্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। সম্প্রতি গ্রেফতার হওয়া আওয়ামি লিগ ও ছাত্রলীগের কিছু নেতার মুক্তির দাবিতে টুঙ্গিপাড়া থানায় হামলা চালান সমর্থকরা। থানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশি হেফাজতে থাকা কয়েকজনকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।
এই ঘটনার পাশাপাশি গোপালগঞ্জ তিন আসনের সাংসদ এসএম জিলানির বাসভবনেও আগুন লাগানো হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় প্রচুর নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছে।