RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও সহিংসতা, খুলনায় খুন আওয়ামি নেতা

পোশাক শ্রমিকদের আন্দোলন ও ন্যূনতম মজুরির বিরোধে বাংলাদেশে ৮৭টি কারখানা বন্ধ রয়েছে, এর মধ্যেই খুলনায় খুন হয়েছেন এক আওয়ামি নেতা।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা করার প্রস্তাব খারিজ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গাজীপুরের শ্রমিকরা। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকার সাভারেও বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে গাজীপুর ও সাভার মিলিয়ে মোট ৮৭টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের ভাঙচুরের ঘটনায় অন্তত কুড়িটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করেছে। মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছিল। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ১৮ হাজার টাকা দাবি করলেও তা পাস হয়নি। অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে চলা উত্তেজনার জেরে খুলনায় গুলি ও সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার খুলনার দৌলতপুরে দুষ্কৃতীদের গুলিতে শেখ আবদুল হালিম (৪৫) নামে এক আওয়ামি লিগ নেতা নিহত হয়েছেন। তিনি দৌলতপুর থানার দেয়ানা চার নম্বর ওয়ার্ড আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। খুলনায় নয় ঘণ্টার মধ্যে পাঁচটি স্থানে গুলির ঘটনা ঘটে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি প্রশাসন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর রয়েছে।