RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তা বিঘ্নিত, পদ থেকে সরানো হল শন কেয়ার্নক্রসকে

আমেরিকায় একের পর এক সাইবার বিপত্তির জেরে হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা প্রধান শন কেয়ার্নক্রসকে পদ থেকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকায় লাগাতার সাইবার সংক্রান্ত সমস্যার জেরে বড় পদক্ষেপ করল হোয়াইট হাউস। সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান শন কেয়ার্নক্রসকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শনের কাজের ধরনের ওপর ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন বলেই এই অপসারণ।

গত কয়েকদিনে মার্কিন মুলুকে বিমান চলাচল ও ব্যাঙ্কিং পরিষেবায় বড় ধরনের বিঘ্ন ঘটে। মাইক্রোসফটের গোলযোগের পর এয়ার ট্রাফিক কন্ট্রোল বিকল হয়ে পড়ে। এর জেরে প্রায় ১১ হাজার উড়ান ক্ষতিগ্রস্ত হয়। আমেরিকা থেকে সমস্ত আন্তর্জাতিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন। ২০০১ সালের হামলার পর এমন পরিস্থিতি আর হয়নি।

এর পরেই দেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলির পরিষেবা ব্যাহত হয়। ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফারগো ও ইউএস ব্যাঙ্কের গ্রাহকরা সমস্যায় পড়েন। অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম জেলে এবং বিভিন্ন ব্যাঙ্কের শাখা স্তরেও লেনদেন থমকে যায়। জেপি মর্গ্যান জানিয়েছে, সফটওয়্যার সংক্রান্ত ত্রুটির কারণেই এই পরিষেবা বিঘ্নিত হয়েছে।

শন কেয়ার্নক্রস অতীতে ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। ২০১৬ সাল থেকে তিনি রিপাবলিকান দলের চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পকে প্রথমবার হোয়াইট হাউসে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল। কিন্তু সাম্প্রতিক সাইবার বিপর্যয় এবং এনভিডিয়ার চিপ নিয়ে তথ্য পাচারের অভিযোগের জেরে শেষ পর্যন্ত তাঁকে পদ হারাতে হল।