RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

কেকেআরের শেয়ার কিনতে চলেছে মার্কিন সংস্থা অ্যারেস ম্যানেজমেন্ট, বিক্রির পথে মেহেতা গ্রুপ

মেহতা গ্রুপ তাদের শেয়ারের একটি অংশ মার্কিন সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করতে চলেছে।

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় বড়সড় বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, মার্কিন সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে কেকেআরের শেয়ারের একটি অংশ বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বর্তমানে কেকেআরের মালিকানা মূলত দুটি পক্ষের হাতে রয়েছে। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হাতে রয়েছে ৫৫ শতাংশ শেয়ার। বাকি ৪৫ শতাংশ শেয়ারের মালিক জুহি চাওলা এবং জয় মেহতার মেহতা গ্রুপ। সূত্র অনুযায়ী, মেহতা গ্রুপ তাদের শেয়ারের ২০ শতাংশ বিক্রি করতে চাইছে।

মেহতা গ্রুপের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে মূলধন বৃদ্ধির পরিকল্পনা। ফ্র্যাঞ্চাইজির বর্তমান বাজারমূল্য শুরুর সময়ের তুলনায় অনেকটাই বেড়েছে। শেয়ার বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ নাইট রাইডার্স গ্রুপের অন্যান্য বিদেশি লিগের ফ্র্যাঞ্চাইজিগুলিতে বিনিয়োগ করা হবে। তবে মেহতা গ্রুপ পুরো মালিকানা বিক্রি করছে না, তারা কেবল ২০ শতাংশ শেয়ার হস্তান্তর করতে চায়।

অন্যদিকে, শাহরুখ খান তাঁর শেয়ার বিক্রির কোনো পরিকল্পনা করছেন না। ফলে ফ্র্যাঞ্চাইজির মূল নিয়ন্ত্রণ তাঁর হাতেই থাকছে। অ্যারেস ম্যানেজমেন্ট মূলত রিয়েল এস্টেট এবং পরিকাঠামো ব্যবসার সঙ্গে যুক্ত। এর পাশাপাশি ফুটবল এবং এনএফএলের মতো বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রেও তাদের বিনিয়োগ রয়েছে।

আইপিএলের ইতিহাসে কেকেআর তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এবং চারবার ফাইনাল খেলেছে। শাহরুখ খান এবং কলকাতার সঙ্গে জড়িয়ে থাকার কারণে এই দলের ব্র্যান্ড ভ্যালু অত্যন্ত বেশি। সেই কারণেই বিভিন্ন সংস্থা এই দলের সঙ্গে যুক্ত হতে আগ্রহী। তবে আপাতত অ্যারেস ম্যানেজমেন্টের সঙ্গেই চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বলে জানা গিয়েছে।