RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অধঃপতন, নির্বাচনে হার নিয়ে বললেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে হারের পর মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে পরাজিত হয়েছে রিপাবলিকান পার্টি। নির্বাচনের এই ফলকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অধঃপতন বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়ে মুখ খোলেন তিনি। ট্রাম্প জানান, এই ফলাফলের জেরে শেয়ারবাজার একদিনে তিন ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। গত তিন নভেম্বরের মিডটার্ম নির্বাচনে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট দুই কক্ষেরই নিয়ন্ত্রণ দখল করেছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকান প্রার্থীদের হয়ে প্রচার চালিয়েছিলেন ট্রাম্প। ভোটারদের কাছে আবেদন করেছিলেন এই নির্বাচনকে যেন প্রেসিডেন্ট নির্বাচন হিসেবে দেখা হয়। ভোটের ফল ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা বলে মনে করা হচ্ছে। পরাজয়ের পর ট্রাম্প দাবি করেন, ব্যালটে তাঁর নাম ছিল না, থাকলে বিপুল জয় আসত। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি আরও ভালো ফলের আশা করেছিলেন। র‍্যালিতে প্রচুর মানুষের সমাগম হয়েছিল বলেও জানান তিনি। তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।