বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
ইরানি হামলার আশঙ্কায়, ব্রিটেনের ঘাঁটি থেকে বিমান সরাল আমেরিকা
ইরানি হামলার আশঙ্কার জেরে ব্রিটেনের মিলডেনহল ঘাঁটি থেকে একাধিক বিমান সরিয়ে নিল আমেরিকা।
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ব্রিটেনের একটি সেনাঘাঁটি থেকে একাধিক বিমান সরিয়ে নিয়েছে আমেরিকা। পেন্টাগন সূত্রে জানা গিয়েছে, মিলডেনহল ঘাঁটি থেকে ১০টি জ্বালানি-বিমান সরিয়ে জার্মানি, স্পেন ও স্কটল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই বিমানগুলি সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পেন্টাগন।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার মিলডেনহল ঘাঁটি থেকে প্রথমে দু’টি রিফুয়েলিং ট্যাঙ্কার সরিয়ে নেওয়া হয়। পরে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যে জানা যায়, মোট ১০টি জ্বালানি-বিমান অন্যত্র পাঠানো হয়েছে। মার্কিন বিমানগুলিকে জার্মানির স্প্যাংডাহলেম ও রামস্টেইন ঘাঁটি, স্পেনের মোরন ঘাঁটি এবং স্কটল্যান্ডের প্রেস্টউইক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
এর আগে গত মাসেও ব্রিটেনের ফেয়ারফোর্ডে রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছিল ওয়াশিংটন। গত মার্চ মাস থেকে ইরানের বিরুদ্ধে কার্যক্ষেত্রে এই কৌশলগত ঘাঁটি ব্যবহার করছে আমেরিকা। অন্যদিকে, তেহরান আগেই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, ইরানের ভূখণ্ডে হামলার জন্য যে সব ঘাঁটি ব্যবহার করা হবে, সেগুলিকে তারা নিজেদের নিশানায় রাখবে। এই হুমকির পরই ব্রিটিশ ঘাঁটিগুলি থেকে মার্কিন বিমান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র এই বিষয়ে জানান, অন্যান্য দেশের সামরিক পদক্ষেপ নিয়ে তারা সাধারণত কোনও মন্তব্য করেন না।