RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ভেনেজুয়েলার তেল চুক্তি নিয়ে তদন্তের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ভেনেজুয়েলার তেল বিক্রির চুক্তি পাইয়ে দিতে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স।

ভেনেজুয়েলার প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটকের আগেই বিশ্বের তেল সংস্থাগুলির সঙ্গে বিশেষ চুক্তি সম্পন্ন হয়েছিল। মার্কিন সেনেটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠেছে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, বিপুল পরিমাণ আর্থিক অনুদানের বিনিময়ে একটি নির্দিষ্ট তেল সংস্থাকে ভেনেজুয়েলার তেল বিক্রির বরাত পাইয়ে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, মাদুরো আটকের পূর্বেই ভ্যান্স এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী অ্যাডিসনের মধ্যে গোপন আলোচনা হয়েছিল। ভিটোল নামক ওই সংস্থা চুক্তি থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করবে বলে পরিকল্পনা করা হয়। ডেমোক্র্যাটিক দলের কংগ্রেস সদস্যা ম্যাগি হাসান আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে সমস্ত আলোচনা এবং লাইসেন্স সংক্রান্ত নথিপত্র তলব করেছেন।

যদিও সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন উপরাষ্ট্রপতি। তাঁর মুখপাত্র জানিয়েছেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই ভিটোল সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছিল। ব্যবসায়ী অ্যাডিসনও সমস্ত গোপন বৈঠকের কথা খারিজ করে দিয়েছেন। তবে তথ্য থেকে জানা গিয়েছে, মাদুরো আটকের সপ্তাহ খানেক আগে দুই ব্যক্তির বিমান একই বিমানবন্দরে অবস্থান করছিল।

মার্কিন জ্বালানি বিভাগ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ভিটল এবং ট্রাফিগুরা নামক অপর একটি সংস্থাকে তেল বিক্রির বিশেষ লাইসেন্স দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ২০২২ সালের সেনেট নির্বাচনে ভ্যান্সের তহবিলে বিপুল অনুদান দিয়েছিলেন ওই ব্যবসায়ী। সেই অনুদানের প্রতিদান হিসেবেই এই সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে মার্কিন সেনেট।