RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

কনিষ্ঠতম অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড বৈভবের

পনেরো বছর বয়সে ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের ব্যাটার বৈভব সূর্যবংশী।

ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে কনিষ্ঠতম অধিনায়ক হওয়ার নতুন বিশ্বরেকর্ড গড়ল বিহারের পনেরো বছর বয়সি ব্যাটার বৈভব সূর্যবংশী। শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিহার দলকে নেতৃত্ব দিতে নেমে এই ইতিহাস গড়ে সে।

শনিবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের টস করতে নামার সঙ্গে সঙ্গেই এই নজির গড়ে বৈভব। মাত্র পনেরো বছর দুশো বত্রিশ দিন বয়সে সিনিয়র পর্যায়ের ক্রিকেটে এই প্রথম নেতৃত্ব দিল সে। এর আগে এই রেকর্ড ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে। তিনি সতেরো বছর তিনশো এগারো দিন বয়সে দল পরিচালনা করেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের তৈমুর আলি।

অধিনায়ক হিসাবে মাঠে নেমে অবশ্য বড় রান করতে পারেনি বৈভব। ওপেন করতে নেমে বারো বলে আঠারো রান করে চেতন সাকারিয়ার বলে আউট হয় সে। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। গত সপ্তাহেই বিহারের অধিনায়ক হিসাবে তার নাম ঘোষণা করা হয়েছিল।

আসন্ন ইমার্জিং এশিয়া কাপে খেলার জন্য কাতার যাবে বৈভব। আগামী উনিশে নভেম্বর থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা। এর আগে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ-অধিনায়কের দায়িত্বেও ছিল সে। তবে এত অল্প বয়সে তাকে বড় দায়িত্ব দেওয়ার বিষয়ে আগে সতর্কতা জারি করেছিলেন শচীন তেন্ডুলকর। কিন্তু সেই পরামর্শে গুরুত্ব না দিয়েই তাকে দলের নেতৃত্ব দেয় বিহারের নির্বাচকেরা।