ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
বন্দে ভারতের দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিপত্তি, আত্মীয়দের ছাড়তে গিয়ে ৩৬ হাজার টাকা জরিমানা
আত্মীয়দের ট্রেনে তুলে দিতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে আটকে পড়েছিলেন ১২ জন, শেষ পর্যন্ত রেলের নিয়মভঙ্গের দায়ে দিতে হল ৩৬ হাজার টাকা জরিমানা।
আত্মীয়দের ট্রেন তুলে দিতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে আটকে পড়েছিলেন ১২ জন। ট্রেন থেকে নামতে না পারায় তাঁদের ৩৬ হাজার টাকা জরিমানা করল রেল। উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনের ঘটনা এটি।
বারাণসী-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে আত্মীয়দের নির্দিষ্ট আসনে বসিয়ে দিতে কামরায় উঠেছিলেন পরিবারের ১২ জন সদস্য। কিন্তু ট্রেন ছাড়ার আগে স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা প্ল্যাটফর্মে নেমে আসতে পারেননি। এর ফলে আত্মীয়দের সঙ্গেই ট্রেনের ভিতরে আটকে পড়েন ওই ১২ জন। সেই দলে মহিলা ও শিশুরাও ছিলেন।
চলন্ত ট্রেন থেকে নামার উপায় না থাকায় যাত্রীরাও বিষয়টি নিয়ে অভিযোগ জানান। ট্রেনের কর্মীরা টুন্ডলা স্টেশনের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। কন্ট্রোল রুমের নির্দেশ পেয়ে নির্দিষ্ট সময়ের পর ট্রেনটি এটাওয়া স্টেশনে থামানো হয়। সেখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের সহায়তায় ওই ১২ জন ট্রেন থেকে নামেন।
এরপর তাঁদের আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বৈধ টিকিট না থাকা সত্ত্বেও ট্রেনে ওঠার কারণে রেলের নিয়মভঙ্গের অভিযোগে মাথাপিছু তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে এমন কাজ না করার সতর্কবার্তা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।