RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজ্য জুড়ে নানা খবর, এক নজরে আজকের আপডেট

বরানগরে তরুণী খুন মামলায় দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত, ২১ নভেম্বর কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

রাজ্য রাজনীতি থেকে শুরু করে আবহাওয়া ও অপরাধের বিভিন্ন ঘটনায় নানা খবর সামনে এসেছে। বরানগরে তরুণী খুন কাণ্ডে দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ট্র্যাক করে আনন্দ বিহার স্টেশন চত্বর থেকে তাকে ধরা হয়। ভিডিও গেম খেলার ফাঁকে পরিচয় এবং সম্পর্কের টানাপোড়েনের জেরে এই খুন বলে পুলিশের সন্দেহ। আজ তাকে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে।

অন্যদিকে, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। প্রায় ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে জমা হয়েছে। যাঁদের আবাস যোজনায় বেআইনিভাবে টাকা পাওয়ার অভিযোগ রয়েছে, তাঁদের তা ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত আইনেও বদল আনা হয়েছে, যেখানে প্রধানরা সহযোগিতা করবেন না সেখানে সচিবরা কাজ চালাবেন বলে জানানো হয়েছে।

আগামী ২১ নভেম্বর কলকাতায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত অরেঞ্জ লাইনের উদ্বোধন করতে পারেন বলে খবর। এছাড়া একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও ঘোষণার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা শক্তি বাড়িয়ে আগামী সপ্তাহে রাজ্যে আবহাওয়া বদলাতে পারে।