পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে
বৃহস্পতিবার সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুজাপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী।
প্রয়াত হলেন সুজাপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী। সকলের কাছে তিনি লেবু দা হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রয়াত কেন্দ্রীয় নেতার ভাই এবং মালদহের কোতোয়ালি পরিবারের সদস্য ছিলেন। বৃহস্পতিবার সকালে কলকাতায় তাঁর জীবনাবসান হয়। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর ভাইপো তথা কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। সোশাল মিডিয়ায় তিনি জানান, তাঁর জেঠুর প্রয়াণে পরিবার গভীরভাবে মর্মাহত। দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, এই প্রবীণ নেতার প্রয়াণে দল একজন অভিভাবককে হারাল। মালদহের কংগ্রেস নেতাকর্মীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।