বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
প্রয়াত আলোকচিত্রী হীরক সেন, শোকের ছায়া টলিপাড়ায়
বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সত্যজিৎ ও সন্দীপ রায়ের ঘনিষ্ট আলোকচিত্রী হীরক সেন।
বাংলা সিনেমার সোনালি অধ্যায়ের পরিচিত আলোকচিত্রী হীরক সেন মারা গিয়েছেন। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল একাত্তর বছর। পরিবার জানিয়েছে, শেষ বয়সে তিনি অ্যালঝাইমার্স ও ডিমেনশিয়ার মতো জটিল রোগে ভুগছিলেন। এর জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং মানুষ চিনতেও সমস্যা হচ্ছিল তাঁর। অবশেষে ভাইফোঁটার সকালে প্রয়াত হন তিনি।
কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় ও তাঁর ছেলে সন্দীপ রায়ের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ছিল তাঁর। ক্যামেরার নেপথ্যে থেকে তিনি বাংলা চলচ্চিত্রের বহু মূল্যবান মুহূর্ত ধরে রেখেছিলেন। ছোটবেলা থেকেই সত্যজিৎ রায়কে তিনি অভিভাবকস্থানীয় মনে করতেন এবং তাঁকে মেশোমশাই বলে ডাকতেন। দুজনের মধ্যে একটি গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল।
সত্যজিৎ রায়ের একাধিক বিখ্যাত চলচ্চিত্রে তিনি ক্যামেরার কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ‘ঘরে বাইরে’, ‘হীরক রাজার দেশে’, ‘আগন্তুক’, ‘জনঅরণ্য’, ‘সোনার কেল্লা’, ‘সত্যজিতের গল্প’ ও ‘বাক্স রহস্য’। শুধু তাই নয়, সন্দীপ রায়ের পরিচালনায় তৈরি ‘বোম্বাইয়ের বোম্বেটে’ এবং ‘কৈলাসে কেলেঙ্কারি’র মতো ছবিতেও তিনি চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছিলেন। সত্যজিৎ রায়ের শুটিংয়ের ব্যস্ততা, চিত্রনাট্য তৈরির সময় কিংবা তাঁর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। তাঁর এই আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।