RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ভিনিসিয়াসের বার্তায় বদলাল জীবন, গৃহযুদ্ধে দুই পা হারানো সুদানের কিশোর দেখছে ফুটবল খেলার স্বপ্ন

গৃহযুদ্ধে দুই পা হারানো সুদানের কিশোর জাহেরের পাশে দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র।

গৃহযুদ্ধের জেরে ড্রোন হামলায় দুই পা হারিয়েছিল সুদানের কিশোর জাহের। খার্তুমে মায়ের সঙ্গে কাজ করার সময় ২০২৪ সালে এই দুর্ঘটনা ঘটে। গৃহযুদ্ধের কারণে দেশটিতে চিকিৎসা ও খাদ্যের সংকট তৈরি হয়েছিল। হুইলচেয়ারে বন্দি হয়ে পড়েছিল সে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার এই লড়াইয়ের গল্প প্রকাশিত হলে তা বিশ্বজুড়ে নজর কাড়ে। তার চিকিৎসার জন্য বিপুল অর্থ সংগৃহীত হয়।

২০২৫ সালে ওই সংবাদমাধ্যমকে জাহের জানিয়েছিল, রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র তার সবচেয়ে প্রিয় ফুটবলার। সেই খবর ব্রাজিলীয় তারকার কাছে পৌঁছতেই জাহেরের উদ্দেশে একটি ব্যক্তিগত ভিডিও বার্তা পাঠান তিনি। ভিনিসিয়াস বলেন, জাহেরের কঠিন পরিস্থিতির কথা তিনি জেনেছেন। কৃত্রিম পায়ে ভর দিয়ে সে ফের ফুটবল খেলায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন ভিনি। একই সঙ্গে মাদ্রিদে রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ দেখার জন্য জাহেরকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ভিনিসিয়াসের এই বার্তা পাওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়ে কিশোরটি। ইতিমধ্যেই জাহেরের চিকিৎসা শুরু হয়েছে। মিশরে তার অস্ত্রোপচার হয়। দীর্ঘ ফিজিওথেরাপি ও পুনর্বাসনের পর কৃত্রিম পায়ে হাঁটতে শিখেছে সে। শুধু ফুটবল খেলা নয়, ভবিষ্যতে ঘোড়ায় চড়া এবং পাইলট হওয়ার স্বপ্ন দেখছে জাহের। ভিনির এই বার্তা তার জীবনসংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছে।