RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ইমেলে পদত্যাগপত্র পাঠানোয় সাসপেন্ড, বিশ্বভারতীর বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঙ্কার অধ্যাপকের

পদত্যাগপত্রের কপি অন্য সদস্যদের ইমেলে পাঠানোর অভিযোগে বিশ্বভারতীর এক অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে, যার জেরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে শিক্ষক মহলে।

বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীরকুমার ঘোষ এই নির্দেশ জারি করেছেন। গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের এডিটোরিয়াল কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ান ওই শিক্ষক। এরপর সেই পদত্যাগপত্রের একটি করে কপি কমিটির বাকি সদস্যদের ইমেলে পাঠিয়েছিলেন তিনি। এই কাজের জন্যই তাঁকে গত ৯ অক্টোবর কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। অধ্যাপক ১ নভেম্বর সেই নোটিসের জবাব দিলেও কর্তৃপক্ষ তা সন্তোষজনক নয় বলে জানায়। এরপরেই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক সংগঠনের তরফে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করা হয়েছে। সংগঠনের অভিযোগ, শিক্ষকদের কণ্ঠরোধ করতেই এই ধরনের কড়া পদক্ষেপ করা হচ্ছে। অবিলম্বে সাসপেনশন প্রত্যাহারের দাবিও তুলেছেন তাঁরা। অন্যদিকে, সাসপেনশনের কাগজ হাতে পাওয়ার কথা জানিয়ে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এটি সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। উল্লেখ্য, এর আগেও প্রাক্তন উপাচার্যের আমলেও প্রায় দু’বছর সাসপেন্ড ছিলেন এই অধ্যাপক।