RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নাকা চেকিংয়ে গাড়ি থামতেই কণ্ঠস্বরের জাদুকরকে চিনল পুলিশ

ঝাড়গ্রামের সীমান্তে নাকা চেকিংয়ের সময় গাড়ি থামানোর পর কার্টুনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৌরভ চক্রবর্তীকে চিনে ফেলেন পুলিশকর্মীরা।

ঝাড়গ্রাম জেলার জামবনি থানার ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন ওড়ো এলাকায় গাড়ি থামিয়ে নাকা চেকিংয়ের মুখে পড়েন কার্টুন চরিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৌরভ চক্রবর্তী। শনিবার বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত তল্লাশি চলার সময় সৌরভের গাড়িটি থামানো হয়। গাড়ির গায়ে বিভিন্ন কার্টুন চরিত্রের ছবি আঁকা দেখে কৌতূহল হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। এরপর চালককে চিনতে পারেন এক সিভিক ভলান্টিয়ার।

জামশেদপুর থেকে ওড়োর পথ দিয়ে বিনপুরের হাড়দা অঞ্চলের কড়াসাইয়ে নিজের বোনের বাড়িতে যাচ্ছিলেন ওই কণ্ঠশিল্পী। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন তিনি, সঙ্গে ছিলেন তাঁর সহকারী সহ আরও এক ব্যক্তি। পরিচয় প্রকাশ্যে আসতেই চেকপোস্টে ভিড় জমান স্থানীয় মানুষ ও পুলিশকর্মীরা।

জনপ্রিয় অ্যানিমেশন সিরিজের বিভিন্ন চরিত্রের গলার স্বর শুনিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করেন সৌরভ। সেলফি তোলার আবদারও হাসিমুখে মেটান তিনি। কিছু সময় সেখানে কাটানোর পর নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন কণ্ঠশিল্পী।