বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
২০১৪ সালের লোকসভা নির্বাচনেও ভোট চুরি হয়েছে, মার্কিন মুলুকে দাবি রাহুলের
মার্কিন সফরে গিয়ে ২০১৪ সালের লোকসভা নির্বাচন নিয়েও ভোট চুরির বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
২০১৪ সালের লোকসভা নির্বাচনেও ভোট চুরি হয়েছিল বলে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই মুহূর্তে মার্কিন সফরে গিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন তিনি। রাহুলের দাবি, শুধু বর্তমান নির্বাচন কমিশন নয়, অতীতেও ভোট চুরির ঘটনা ঘটেছে। ২০১৪ সালে বিজেপি প্রথমবার ক্ষমতায় আসার সময়ও ভোট নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
রাহুল জানান, ২০২৪ সালের নির্বাচনের পর কংগ্রেসের অন্দরেও বিজেপি জয় নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০১৪ সালের ভোটের ফল নিয়েও তাঁদের মনে সন্দেহ ছিল। কিন্তু সে সময় তাঁদের হাতে নির্দিষ্ট কোনও প্রমাণ ছিল না। পরবর্তীতে প্রমাণ পাওয়ার পরও দলের প্রবীণ নেতাদের চাপের মুখে তিনি প্রকাশ্যে কিছু বলতে পারেননি বলে দাবি করেছেন রাহুল। তিনি জানান, সে সময় দলের সিনিয়র নেতারা তাঁকে বিষয়টি নিয়ে মুখ খুলতে নিষেধ করেছিলেন।
ভারতীয় গণতন্ত্রের ত্রুটি এবং ভোট চুরির অভিযোগ নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন রাহুল। তিনি স্পষ্ট জানিয়েছেন, এর জন্য রাজনৈতিকভাবে যে মূল্যই দিতে হোক না কেন, তাতে তিনি রাজি আছেন। তবে ভোট বয়কটের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন রাহুল। তিনি জানান, গণতন্ত্র রক্ষা করতে তাঁরা আগামী দিনেও সমস্ত নির্বাচনে লড়ে যাবেন এবং ভুলত্রুটিগুলো তুলে ধরবেন।