RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

মহাকাশে ভয়েজারের দীর্ঘ যাত্রা, কেন রয়েছে নানা নিদর্শন

প্রায় পাঁচ দশক ধরে মহাকাশে ছুটছে ভয়েজার ১ ও ভয়েজার ২, এই দুই যানে লুকিয়ে রয়েছে মানব সভ্যতার নানা ইতিহাস।

দীর্ঘ ৪৯ বছর ধরে মহাকাশের অন্তহীন পথে এগিয়ে চলেছে ভয়েজার ১ এবং ভয়েজার ২। সম্প্রতি ভয়েজার ১ একটি বিশেষ দূরত্ব অতিক্রম করার পর এই দুই মহাকাশযান নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই যানগুলির মধ্যে মানুষের ইতিহাস ও সংস্কৃতির নানা তথ্য সংরক্ষণ করা হয়েছে। বিজ্ঞানীরা একে টাইম ক্যাপসুল হিসেবে তৈরি করেছেন। যদি পৃথিবীর অস্তিত্ব একদিন মুছে যায়, তবুও এই মহাকাশযানগুলি মানুষের সভ্যতার স্মৃতি বহন করবে।

এই যানের অন্যতম একটি আকর্ষণ হল একটি বিশেষ অঙ্কন, যেখানে একজন নারী ও একজন পুরুষের প্রতিকৃতি রয়েছে। মহাকাশে যদি কখনও ভিনগ্রহের প্রাণীদের মুখোমুখি হয় এই যান, তবে তারা পৃথিবীর বুদ্ধিমান প্রাণীর শারীরিক গঠন সম্পর্কে ধারণা পাবে। এই ছবি রাখার পরিকল্পনা নিয়ে একসময় নানা বিতর্ক তৈরি হয়েছিল। প্রাথমিকভাবে ছবি তোলার কথা ভাবা হলেও পরে অন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

ছবির পাশাপাশি এই দুই যানে রাখা রয়েছে আরও বহু মূল্যবান বস্তু। এর মধ্যে রয়েছে একটি তেজস্ক্রিয় ঘড়ি, যা থেকে যানটির মহাকাশে পাড়ি দেওয়ার সময় হিসাব করা সম্ভব। এছাড়া রয়েছে একটি স্বর্ণের রেকর্ড ডিস্ক। এই ডিস্কে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সুর, সংগীত, মানচিত্র, পশুপাখির ডাক এবং মানুষের দীর্ঘ সংস্কৃতির নানা নমুনা তুলে ধরা হয়েছে।

১৯৭৭ সালে এই দুই মহাকাশযান মহাশূন্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রযুক্তির হাত ধরে তৈরি এই যানগুলি এখন সৌরজগতের সীমানা ছাড়িয়ে বহু দূরে অবস্থান করছে। মানুষের তৈরি এই দুই স্বপ্নযান পৃথিবীর পুরনো দিনের গল্প এবং সভ্যতার চিহ্ন বয়ে চলেছে মহাশূন্যের গভীরে।