RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

মদ খেয়ে জীবনের ১৫ বছর নষ্ট করেছি, আক্ষেপ জাভেদ আখতারের

অতীতের মদ্যপান ও দায়িত্বজ্ঞানহীনতার জন্য আক্ষেপ প্রকাশ করলেন প্রবীণ গীতিকার জাভেদ আখতার।

অতীতের মদ্যপানের অভ্যেস এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য আক্ষেপ প্রকাশ করলেন প্রবীণ গীতিকার তথা চিত্রনাট্যকার জাভেদ আখতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের ১৫টি মূল্যবান বছর তিনি মদ্যপানের পেছনে নষ্ট করেছেন।

একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বরখা দত্তের প্রশ্নের জবাবে জাভেদ জানান, ওই সময়টাতে তিনি যদি মদ্যপান না করে গান শেখা কিংবা নতুন ভাষা আয়ত্ত করার মতো গঠনমূলক কাজে মন দিতেন, তবে পেশাগত ও ব্যক্তিগত জীবন অন্যরকম হতে পারত। তিনি আরও জানান, প্রতি রাতে প্রায় এক বোতল মদ খেতেন তিনি এবং তাঁর জীবনের বড় ভুলগুলি মদের প্রভাবের কারণেই হয়েছিল।

দীর্ঘদিন ধরে এই অভ্যেস থেকে দূরে রয়েছেন তিনি। জাভেদ জানান, ১৯৯১ সালের ৩১ জুলাই তিনি শেষবারের মতো মদ্যপান করেছিলেন এবং সেই তারিখটি তাঁর স্পষ্ট মনে রয়েছে।