কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
টালা ট্যাঙ্ক চত্বরে পাইপ ফেটে জল সংকট, ভোগান্তি কাটতে লাগবে আরও দুদিন
ব্রিটিশ আমলের পাইপ ফেটে কলকাতার একাংশে জল সরবরাহ ব্যাহত হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে পুরসভা।
মাটির নিচের পুরনো জলবাহী নল ফেটে যাওয়ায় কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার সকালে এই বিপর্যয় ঘটে। যার জেরে টালা এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে যায়। জল জমার কারণে বিদ্যুৎ সংযোগেও বিঘ্ন ঘটে। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিষেবা পুরোপুরি আগের মতো ফিরতে আরও প্রায় দুদিন সময় লাগবে।
বিপর্যয়ের জেরে মঙ্গলবারও টালা রুটের বেশ কিছু ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে। কলকাতা স্টেশন চত্বরে জল জমে থাকায় চক্ররেলের পাঁচটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের পথও সংক্ষিপ্ত করা হয়েছে।
পুরসভা সূত্রে খবর, ব্রিটিশ আমলের ৭২ ইঞ্চি পাইপলাইনটি হঠাৎ ভেঙে পড়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়। পুর কমিশনার স্মিতা পাণ্ডে নিজে উপস্থিত থেকে পরিস্থিতি খতিয়ে দেখেন। রেলের আওতাধীন এলাকা হওয়ায় মেরামতির কাজে তাদের সহযোগিতা নেওয়া হয়েছে। কিন্তু জটিলতার কারণে কাজ শেষ করতে বেশি সময় লাগছে। জল এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় চরম অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ।