RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

টালায় জলপাইপ ফেটে বিপত্তি, ব্যাহত ট্রেন ও জল পরিষেবা

টালা ব্রিজে জলের পাইপ ফেটে উত্তর কলকাতায় জলমগ্ন রাস্তা ও রেল ট্র্যাক, ব্যাহত ট্রেন ও জল পরিষেবা।

সোমবার সকালে উত্তর কলকাতার টালা এলাকায় জলের পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল। জলের তলায় চলে যায় কলকাতা স্টেশন চত্বর এবং রেলের ট্র্যাক। এই পরিস্থিতিতে রক্ষণাবেক্ষণের কাজের কারণে চক্ররেল পরিষেবা সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

সোমবার সকাল আটটা নাগাদ টালা ব্রিজের নিচে ব্রিটিশ আমলের ওই পুরোনো সরবরাহ পাইপলাইনটি ফেটে যায়। প্রবল বেগে জল বেরিয়ে রাস্তাঘাট প্লাবিত হয়। জল জমে যায় স্থানীয় পুজো মণ্ডপগুলিতেও। এই ঘটনার জেরে উত্তর কলকাতার বেশ কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পানীয় জল সরবরাহ বন্ধ থাকে। পুরসভার অনুমান, সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিটসহ একাধিক এলাকায় জল সরবরাহ ব্যাহত হতে পারে।

পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। তিনি জানান, রেল সীমানার ভেতরে থাকা ওই ক্ষতিগ্রস্ত পাইপলাইন থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পুরনো পাইপটি সারাই করা হবে এবং ভবিষ্যতে সমস্যা এড়াতে সুরঙ্গ তৈরি করে নতুন পাইপলাইন বসানোর পরিকল্পনা করা হয়েছে।