RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

এনজেপি স্টেশনের কাছে উদ্ধার অস্ত্র ও কার্তুজ, শুরু তদন্ত

নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে উদ্ধার হল দেড়শো রাউন্ড কার্তুজ ও একাধিক আগ্নেয়াস্ত্র।

নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে একটি পুলিশ আউটপোস্টের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের মধ্যে প্রায় দেড়শো রাউন্ড কার্তুজ এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার এক বাসিন্দা রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। তিনিই নিউ জলপাইগুড়ি থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। স্টেশন সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে এত অস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উৎসবের মরশুম ও পর্যটনের সময়ে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ আউটপোস্টের কাছে কীভাবে ব্যাগটি এল, তা জানতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অস্ত্রগুলি কোনও নাশকতার উদ্দেশ্যে বা পাচারের জন্য রাখা হয়েছিল কি না, সে বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।