RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আইএএস অফিসারদের জন্য নতুন সুবিধা, বিদেশ ভ্রমণ ও ল্যাপটপের ঘোষণা রাজ্যের

আইএএস অফিসারদের জন্য বিদেশ ভ্রমণ, ল্যাপটপ ও বাড়িভাড়াসহ নানা সুবিধার কথা ঘোষণা করল রাজ্য সরকার।

রাজ্যের আইএএস আধিকারিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এই বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট মেয়াদে হোম টাউন বা অল ইন্ডিয়া এলটিসির বদলে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন তারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির পাশাপাশি দুবাই, মরিশাস, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়া যাবে।

এছাড়াও একাধিক আর্থিক ভাতা বাড়ানো হয়েছে। সরকারি আবাসন না মিললে বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত পাবেন আধিকারিকেরা। এই অর্থের পরিমাণ প্রতি তিন বছরে কুড়ি শতাংশ হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি আপ্যায়ন বাবদ মিলবে আলাদা ভাতা। সচিব পদের নিচের দিকের আধিকারিকেরা মাসিক পনেরো হাজার টাকা এবং উচ্চপদস্থ সচিবেরা সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত এই ভাতা পাবেন।

উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। বিদেশের মাটিতে স্নাতকোত্তর বা বোর্ডিং স্কুলের পড়াশোনা এবং যাতায়াতের খরচ সামলাতে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। নতুন দায়িত্ব নেওয়া আধিকারিকদের প্রিন্টারসহ প্রায় দুই লক্ষ টাকার একটি ল্যাপটপ বা ডেস্কটপ দেওয়া হবে। এছাড়া বার্ষিক জ্ঞানচর্চা ভাতা, ক্যাম্প অফিসের কর্মী রাখার খরচ এবং বিদ্যুৎ বিল ফেরতের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক কাজের মান উন্নত করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।