RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আগামী মাসেই বিধানসভার শীতকালীন অধিবেশন, পেশ হতে পারে একাধিক বিল

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

আগামী মাসেই শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভা সূত্রে খবর, আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে এই অধিবেশন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। রাজ্যে নতুন সরকার আসার পর এটাই প্রথম শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ ডিসেম্বর শুক্রবার অধিবেশনের সূচনার দিন প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করা হবে। এরপর শনি ও রবিবার ছুটির দিন থাকায় বিধানসভার কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বর থেকে নিয়মিত অধিবেশন শুরু হবে। তা চলবে ১৪ তারিখ পর্যন্ত।

আসন্ন অধিবেশনে স্বাস্থ্য সংক্রান্ত একটি নতুন বিল পেশ হতে পারে। পাশাপাশি, প্রাক্তন ও বর্তমান বিধায়কদের অফিস ভাতা এবং বেতন সংক্রান্ত বিষয় নিয়েও বিল আনার পরিকল্পনা রয়েছে সরকারের। রাজ্য মন্ত্রিসভায় এই বিষয়ে আগে আলোচনা হয়েছিল। সরকারপক্ষের আশা, পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতার জেরে এই বিলগুলি সহজেই পাশ হয়ে যাবে। তবে বিরোধীরাও এই বিলগুলি নিয়ে নিজেদের কৌশল ঠিক করতে শুরু করেছে।

অন্যদিকে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশন বসার কথা রয়েছে।