RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বৃহন্নলা ব্রিগেড গঠন রাজ্যের, সাধুবাদ রূপান্তরকামী মহলের

রূপান্তরকামীদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নে 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা করল রাজ্য সরকার, সিদ্ধান্তকে স্বাগত জানালেন রঞ্জিতা সিনহা।

রূপান্তরকামীদের জীবনযাত্রার মান উন্নত করতে বিশেষ 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা করেছে রাজ্য সরকার। বুধবার নবান্নে পুর ও নগরোন্নয়ন দফতরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে উল্লেখ করেছেন রূপান্তরকামী সমাজের প্রতিনিধিরা।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে কলকাতা পুরসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর আদায়ের কাজ করবেন রূপান্তরকামীরা। পাশাপাশি, শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্বও তাঁদের দেওয়া হবে।

এই উদ্যোগের ফলে সমাজে রূপান্তরকামীদের কাজের সুযোগ বাড়বে বলেই মনে করা হচ্ছে। সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট রূপান্তরকামী কর্মী রঞ্জিতা সিনহা। তিনি জানান, এর আগে কোনও সরকার তাঁদের কর্মসংস্থানের কথা এভাবে ভাবেনি। এই নতুন প্রজন্ম নিজেদের কাজের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।