পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
আসল ও নকল বৃহন্নলা বাছাই করতে বিশেষ স্ক্রিনিং কমিটি গঠন রাজ্যের
রাজ্যে ভুয়া বৃহন্নলাদের চিহ্নিত করে আসল তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সরকারি প্রকল্পে যুক্ত করতে উদ্যোগী হয়েছে প্রশাসন।
রাজ্যে আসল তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় অনুসন্ধান চালিয়ে ভুয়া বৃহন্নলাদের বাদ দিয়ে আসল তালিকা তৈরি করা হবে। নারী ও শিশুকল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মুম্বইয়ের আদলে এই প্রকল্প রাজ্যে রূপায়ণ করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শহরে অপরাধমূলক কর্মকাণ্ড বা অবৈধ উপায়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের সহায়তায় ও ট্রান্সজেন্ডার সংগঠনের প্রতিনিধিদের সহযোগিতায় এই তালিকা চূড়ান্ত করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিতদের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সম্পত্তি কর আদায়ের মতো কাজে যুক্ত করা হবে।
প্রাথমিকভাবে কলকাতার পাশাপাশি হাওড়া ও বিধাননগরে এই পরিকল্পনা কার্যকর করা হলেও পরবর্তী সময়ে তা শিলিগুড়ি, আসানসোল ও হলদিয়াতেও চালু করা হবে। শিক্ষিত তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সরকারি বিভিন্ন দপ্তরে কাজের সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের।