পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বদল পোশাকবিধি, গাউনের বদলে তাঁতের পোশাকের পরামর্শ রাজ্য সরকারের
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রচলিত গাউনের বদলে এবার থেকে ঐতিহ্যবাহী তাঁতের পোশাক ব্যবহারের পরামর্শ দিল উচ্চ শিক্ষা দফতর।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন অনুষ্ঠানে পোশাকবিধিতে বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। প্রচলিত গাউন বা রোব ব্যবহারের পরিবর্তে এবার থেকে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষা দফতরের তরফে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়কে এই মর্মে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবর্তন অনুষ্ঠানে গাউনের বদলে হস্তচালিত তাঁতের তৈরি পোশাক ব্যবহার করা যেতে পারে। এছাড়া উত্তরীয়র মতো দেশীয় পোশাক ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
দীর্ঘদিন ধরে চলে আসা ব্রিটিশ আমলের সমাবর্তন পোশাকের রীতি বদলে দেশীয় ঐতিহ্যের প্রচারে জোর দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের সমাবর্তন অনুষ্ঠানের জন্য এই নতুন পোশাকবিধি মেনে চলার আর্জি জানিয়েছে উচ্চ শিক্ষা দফতর।