পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
সরকারি হাসপাতালে হকার প্রবেশ নিষিদ্ধ, নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের
রোগীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে হকার ও বিক্রেতাদের প্রবেশ নিষিদ্ধ করল স্বাস্থ্য দপ্তর।
রোগীদের স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা বজায় রাখতে বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ এবং স্বাস্থ্যকেন্দ্রের অন্দরে হকার, বিক্রেতা ও দোকানদারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইনডোর এবং আউটডোর বিভাগ— উভয় ক্ষেত্রেই এই কড়া নিয়ম কার্যকর করা হয়েছে। মঙ্গলবার থেকেই বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।
সম্প্রতি রাজ্য পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন। সেই বৈঠকে রোগীদের পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় যে, ওপিডি লাইন এবং হাসপাতাল চত্বরে ছদ্মবেশে ঘুরে বেড়ায় দুষ্কৃতীরা। পাশাপাশি মোবাইল চুরি এবং নানাভাবে রোগীর আত্মীয়দের হেনস্তা করার অভিযোগও সামনে আসে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর।
এছাড়াও স্বাস্থ্য দপ্তরের নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, হাসপাতালের চত্বরে হকারদের অবাধ যাতায়াতের ফলে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা বিঘ্নিত হয়। ওপিডিতে ভিড়ের মধ্যে হকারদের উপস্থিতিতে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক সময় সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীরাও আসেন। তাই অবাধ যাতায়াতের ফলে ক্রস কন্টামিনেশনের ঝুঁকি এড়াতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।