পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
সরকারি হাসপাতালে প্রেসক্রিপশন ও ওষুধ নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
সরকারি হাসপাতালের রোগীদের বাইরে থেকে ওষুধ কেনা নিষিদ্ধ করল স্বাস্থ্য দফতর।
রোগীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের ডাক্তারদের উপর কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। নতুন নিয়ম অনুযায়ী, হাসপাতালে আসা রোগীদের বাইরে থেকে কোনো ওষুধ কেনার কথা বলা যাবে না। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত ওষুধ এবং সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষকেই বিনামূল্যে জোগাড় করে দিতে হবে।
স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, চিকিৎসকদের চিরকুটে ওষুধ লেখার প্রথা বন্ধ করতে হবে। এখন থেকে শুধুমাত্র সরকারি হাসপাতালের নির্ধারিত প্রেসক্রিপশন প্যাডেই সমস্ত ওষুধ লিখতে হবে। ওই প্রেসক্রিপশনে চিকিৎসকের স্পষ্ট নাম, তাঁর পদবি, রেজিস্ট্রেশন নম্বর এবং সই থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
যদি এমন কোনো ওষুধ প্রেসক্রিপশনে লিখতে হয় যা হাসপাতালের সাধারণ তালিকার অন্তর্ভুক্ত নয়, তবে সেই প্রেসক্রিপশনটি হাসপাতাল কর্তৃপক্ষ বা এমএসভিপি (MSVP)-র কাছে পাঠাতে হবে। এর পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে সেই ওষুধ কিনে রোগীকে বিনামূল্যে প্রদান করবেন বলে জানানো হয়েছে।