RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বেতন বৃদ্ধি ও চাকরির সুরক্ষা, জিরামজি কর্মীদের জন্য নতুন ঘোষণা রাজ্যের

জিরামজি প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক বেতন বৃদ্ধির পাশাপাশি চাকরির মেয়াদ ও ছুটির নতুন সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার।

জিরামজি প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। চলতি বছরের ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীদের কাজের অভিজ্ঞতা ও বেতনের পরিমাণের ওপর ভিত্তি করে বেতন বৃদ্ধি করা হবে। যাঁদের বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত এবং অভিজ্ঞতা ১০ বছরের কম, তাঁদের পারিশ্রমিক মাসে ৬ হাজার টাকা বাড়ছে। ১০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই স্তরের কর্মীদের বেতন ৭ হাজার টাকা বাড়বে। এছাড়া যাঁদের বেতন ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে, তাঁদের অভিজ্ঞতা ১০ বছরের কম হলে ৭ হাজার টাকা এবং ১০ বছরের বেশি হলে ৮ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হবে।

বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মীদের বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থাও করা হয়েছে। আগামী ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতি বছর এই বৃদ্ধি কার্যকর হবে। পাশাপাশি, ১০ বছর কাজ করেছেন এমন কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা পাবেন।

নতুন নিয়মে কর্মীরা বছরে ৩০ দিন সাধারণ ছুটি এবং ১০ দিন চিকিৎসা সংক্রান্ত ছুটি পাবেন। মহিলা কর্মীরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি উপভোগ করতে পারবেন। অন্য নানা কারণেও ৪২ দিন ছুটি মিলবে। তবে এই প্রকল্পের অধীনে থাকা জুনিয়র এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই সুবিধাগুলি থেকে বাদ থাকবেন। যোগ্য কর্মীদের কাছে এই সমস্ত সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সমস্ত জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন।