RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ছটপুজোয় গঙ্গায় ভেসে যাওয়া কুকুরকে বাঁচালেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

ছটপুজোর সময় গঙ্গায় ভেসে যাওয়া একটি পোষ্য কুকুরকে এনডিআরএফের সাহায্যে উদ্ধার করলেন বাংলার মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

ছটপুজোর ব্যস্ততার মাঝে গঙ্গার জলে তলিয়ে যাচ্ছিল একটি পোষ্য কুকুর। সেই দৃশ্য নজরে আসতেই উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার করা হয় চারপেয়েটিকে।

সোমবার সকালে কলকাতার একটি ঘাটে ছটপুজোর অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাটি ঘটে। তীব্র জলের স্রোতের সঙ্গে লড়াই করে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল কুকুরটি। উপস্থিত লোকজনের চেঁচামেচিতে বিষয়টি প্রথমে মন্ত্রীর নজরে আসে। তিনি মুহূর্তের মধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এবং ডিএমজিকে কুকুরটি উদ্ধারের নির্দেশ দেন।

এনডিআরএফের তিনটি স্পিডবোট দ্রুত মাঝগঙ্গায় পৌঁছে সারমেয়টিকে উদ্ধার করে রিভার ট্রাফিক পুলিশের জেটিতে নিয়ে আসে। তীব্র শীতে কাঁপতে থাকা কুকুরটির গায়ে সঙ্গে সঙ্গে তোয়ালে জড়িয়ে দেন মন্ত্রী। ঠাণ্ডা যাতে না বসে যায়, তার জন্য তাকে গরম দুধও খাওয়ান তিনি।

উদ্ধারের পর মন্ত্রী জানান, কুকুরটি এক পুণ্যার্থীর পোষ্য। তিনি বলেন, প্রাণের মায়া সবারই আছে। জলে ভেসে যাওয়া কুকুরটিকে বাঁচানোর জন্য তিনি পুলিশ ও উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানান।