RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজ্য পুলিশের শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, মাসিক বেতন ১৬ হাজার

রাজ্য ও কলকাতা পুলিশে ১ হাজার ৪৫৬ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে, যাঁদের মাসিক বেতন হবে ১৬ হাজার টাকা।

রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মোট ১ হাজার ৪৫৬ জন অপারেটর নিয়োগ করা হবে। ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে, থানার অপরাধের ডেটাবেস তৈরি ও পরিচালনার কাজ আরও দক্ষ করে তুলতে এই পদক্ষেপ করা হয়েছে। এতদিন থানার এই কাজগুলি সাধারণত হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ারদের দিয়ে করানো হতো। এবার সেই দায়িত্ব কম্পিউটার বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

নিয়োগকারী এজেন্সিগুলির মাধ্যমে এই ডিইও নিয়োগ করা হবে। রাজ্য পুলিশের পক্ষ থেকে এই কাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। এজেন্সিগুলিকে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার শংসাপত্র ও পরিচয়পত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক প্রার্থীকে বাধ্যতামূলকভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি জমা দিতে হবে। তথ্য নিরাপত্তার কথা মাথায় রেখে ডিইওদের কড়া গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

চুক্তিবদ্ধ এই অপারেটরদের মাসিক বেতন হবে ১৬ হাজার টাকা। প্রত্যেক মাসের সাত তারিখের মধ্যে এজেন্সিকে এই বেতনের টাকা কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। তাঁদের কোনও অবস্থাতেই নগদে বেতন দেওয়া যাবে না। নিয়ম মেনে ইপিএফ ও ইএসআই জমা দেওয়ার পাশাপাশি পে স্লিপ দিতে হবে। ডিইওরা সপ্তাহে একদিন করে ছুটি পাবেন এবং থানার ওসি বা ইউনিট প্রধানের অনুমতি সাপেক্ষে বছরে ১৫ দিন ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি পাবেন।