RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

স্কুল শিক্ষকদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ, রাজ্যে আসছে ‘আরোগ্য চেতনা’ উদ্যোগ

রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাথমিক চিকিৎসার বিশেষ প্রশিক্ষণ দিতে ‘আরোগ্য চেতনা’ উদ্যোগ শুরু করল পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যের সরকারি ও গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলের ছাত্রছাত্রীদের প্রাথমিক শুশ্রূষা দেওয়ার জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। পিপিপি মডেলে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আরোগ্য চেতনা’। পাহাড় থেকে সমতল, সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের ফার্স্ট এডের পাঠ দিতে সি কে বিড়লা হাসপাতাল সিএমআরআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি স্কুলের ভেতর ছাত্রছাত্রীদের চোট-আঘাত পাওয়ার একাধিক ঘটনার পর চিকিৎসায় বিলম্ব নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই নতুন ব্যবস্থার ফলে বিদ্যালয়ে কোনও শিক্ষার্থী আহত হলে শিক্ষক-শিক্ষিকারা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে স্থিতিশীল করে তবেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন। রাজ্যজুড়ে প্রায় ৮৩ হাজার সরকারি ও গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলে এই প্রকল্প রূপায়ণ করা হবে এবং স্কুলগুলিতে ফার্স্ট এড কিট দেওয়া হবে।

প্রশিক্ষণের জন্য একটি বিশেষ সিলেবাস ও ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, যেখানে টিচিং মডিউল আপলোড থাকবে। শিক্ষকরা হাতেকলমে বেসিক লাইফ সাপোর্ট সিস্টেমের পাঠ পাবেন। হৃদযন্ত্র আকস্মিক বন্ধ হয়ে গেলে বা কেটে গেলে বা হাড় ভাঙলে কী করতে হবে, তা শেখানো হবে শিক্ষকদের। প্রধান শিক্ষকরা প্রশিক্ষণের জন্য শিক্ষকদের তালিকা দেবেন এবং এই কাজে এনজিও-দের সাহায্যও নেওয়া হবে।