RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

দুবরাজপুরে সাক্ষীর বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি

ডিসিআর দুর্নীতি মামলার সাক্ষীকে সাদা থান ও হুমকি চিঠি পাঠানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুবরাজপুরে।

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবরক্ষকের বাড়ির সামনে সাদা থান এবং হুমকিমূলক চিঠি ফেলে যাওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দুবরাজপুরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের রঞ্জনবাজার মাস্টার কলোনির বাসিন্দা পিনাকী দেব পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের হিসাবের কাজ করেন। ডিসিআর দুর্নীতি মামলায় টুলু মণ্ডলকে একাধিকবার জেরা করেছে তদন্তকারী সংস্থা। ওই একই মামলায় পিনাকী দেবকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযোগ, গত ২২ নভেম্বর ভোরে পিনাকী বাবুর বাড়ির দরজার বাইরে একটি সাদা থান ও একটি চিঠি পড়ে থাকতে দেখা যায়। চিঠিতে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগ তোলা হয়।

এই ঘটনার পর দুবরাজপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পিনাকী দেব। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।