জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
শীতের ফ্যাশনে ওয়ার্ড্রোব আপডেট, রইল নানা পোশাকের হদিশ
শীতের শুরুতে ওয়ার্ড্রোব আপডেট করতে বেছে নিতে পারেন ব্লেজার, কোট, শাল কিংবা নানা ধরনের স্টাইলিশ পোশাক।
বাতাসে শীতের আমেজ। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গেই আলমারি থেকে শীতপোশাক বার করার সময় এসে গিয়েছে। ঠান্ডা লাগার ভয়ে ফ্যাশন থেকে মুখ ফিরিয়ে না থেকে নানা ধরনের পোশাক বেছে নেওয়া যেতে পারে। কলকাতার মতো শহরে যেখানে খুব বেশি ঠান্ডা পড়ে না, সেখানে ফ্রন্ট ওপেন ব্লেজার, ফর্মাল প্যান্ট এবং হালকা সোয়েটার বা টপ পরা যেতে পারে। এ ছাড়া হাঁটু পর্যন্ত ঝুলের কোটও ফ্যাশনের অঙ্গ হতে পারে।
শীতকালে অনুষ্ঠান বাড়ির কথা মাথায় রেখে ফ্লোরাল ক্রেপ জ্যাকেট বেছে নেওয়া যায়। শাড়ির সঙ্গেও এই পোশাক বেশ মানানসই। অফিস হোক বা অনুষ্ঠান, নিট পুলওভার পরা যেতে পারে জিনস বা শাড়ির সঙ্গে। বাজারে এখন সেলফ ডিজাইন শ্রাগেরও চল রয়েছে। কুর্তি, টপ বা শাড়ির সঙ্গে তা পরে তাক লাগাতে পারেন ফ্যাশনসচেতনরা।
প্রায় সকলের ওয়ার্ড্রোবেই কাশ্মীরি শাল থাকে। না থাকলে শীতের কেনাকাটায় তা যুক্ত করা যেতে পারে। বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠানে এই শাল লুক বদলে দিতে পারে। সোয়েটার বা জ্যাকেটের সঙ্গে উলেন স্কার্ফ কিংবা শীতের পার্টিতে মিনি স্কার্টের সঙ্গে সেমি শির টাইটস পরা যেতে পারে। এ ছাড়া উলের কুর্তি ও প্যান্টও শীতের দিনে আরামদায়ক হতে পারে। পোশাকের সঙ্গে মানানসই বুটস, হিলস বা ফ্ল্যাটস জুতো বেছে নিলেই সম্পূর্ণ হবে শীতের সাজ।