RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

শীতে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের

শীতের মৌসুমে তাপমাত্রা কমলে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে, এমনটাই উঠে এসেছে একটি গবেষণায়।

শীতকালে তাপমাত্রা কমলে হৃদযন্ত্রের উপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি গবেষণার উল্লেখ করে জানানো হয়েছে, তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমলে আগামী প্রায় এক মাস হৃদরোগের আশঙ্কা খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত ঠান্ডায় শরীরের রক্তনালিগুলি সংকুচিত হয়ে যায় এবং রক্তচাপ বৃদ্ধি পায়। এর ফলে সারা শরীরে রক্ত পাঠাতে হৃদ্‌যন্ত্রকে বেশি কষ্ট করতে হয়। যাঁদের ধমনিতে আগে থেকেই চর্বি জমা থাকে, তাঁদের ক্ষেত্রে এই সময়ে রক্ত চলাচলে সমস্যা আরও বাড়তে পারে। শীতে রক্তের ঘনত্ব পরিবর্তিত হওয়ার কারণে রক্ত জমাট বাঁধার প্রবণতাও দেখা দেয়। পাশাপাশি শীতের মৌসুমে জীবনযাত্রার অনিয়ম, যেমন শরীরচর্চা না করা এবং বেশি তেলমশলাযুক্ত খাবার খাওয়া, বিপদ আরও বাড়িয়ে তোলে। চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাকের লক্ষণ সব সময় তীব্র বুকে ব্যথার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বুকে ভারী ভাব, অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট, হঠাৎ ঘাম হওয়া, বমি ভাব বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতে পারে। বিশেষ করে মহিলা, প্রবীণ এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে লক্ষণগুলি আলাদা হতে পারে। এই মরসুমে সুস্থ থাকতে হঠাৎ করে ভারী ব্যায়াম করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। উষ্ণ রোদে হাঁটাচলা করা, পর্যাপ্ত গরম পোশাক পরা এবং খাবারে নুন ও চর্বি কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি নিয়মিত রক্তচাপ ও শর্করা পরীক্ষা করা জরুরি। বুকে কোনো রকম অস্বস্তি বা চাপ অনুভূত হলে কালক্ষেপ না করে দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে না গিয়ে অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে চিকিৎসকের কাছে পৌঁছানো উচিত।