RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, টাকা হাতিয়ে চম্পট দেওয়ার দাবি তরুণীর

গুরুগ্রামে লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করেছেন এক বেসরকারি ব্যাঙ্কের কর্মী।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক নির্যাতন এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ তুললেন এক তরুণী। পাশাপাশি তাঁর থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে। হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন ওই তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার ভিওয়ানির বাসিন্দা ওই যুবতী গুরুগ্রামের সেক্টর ১৫ শাখার কর্মী। ব্যাঙ্কেরই এক সহকর্মীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল। অভিযুক্ত যুবক বিবাহিত হওয়া সত্ত্বেও বিচ্ছেদের মামলা চলছে দাবি করে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পর থেকেই সেক্টর ৯ এলাকায় তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন। তরুণীর দাবি, গত বছর জুলাই মাসে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয়। পরবর্তী সময়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ। গত ফেব্রুয়ারি মাসে তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হলে অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিগত ছবি জনসমক্ষে এনে দেওয়ার ভয় দেখিয়ে তা ভেঙে দেন বলে অভিযোগ। এর পর গুরুগ্রামে ফিরে আসতে বাধ্য হন ওই তরুণী। বিভিন্ন বাহানায় তাঁর থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। গত ৩০ আগস্ট ফের অন্তঃসত্ত্বা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি তাঁকে ছেড়ে পালিয়ে যান এবং যোগাযোগ বন্ধ করে দেন। গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।