RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

দিল্লির ক্যাফেতে তরুণী সহকর্মীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত ৩

দিল্লির প্রীতবিহারে অফিস পার্টি চলাকালীন এক তরুণী সহকর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

দিল্লির প্রীতবিহার এলাকায় একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণী সহকর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, অফিস শেষে আয়োজিত একটি পার্টিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে দুই নারী রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই তরুণী দিল্লির কারকারদুমা এলাকার একটি মলের ক্যাফেতে কাজ করেন। অভিযুক্তরাও তাঁর সহকর্মী। গত সোমবার রাতে প্রীতবিহারের ওই ক্যাফেতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে নির্যাতিতাকেও আমন্ত্রণ জানানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিয়ম অনুযায়ী রাত ১১টার মধ্যে ক্যাফেটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অভিযুক্তদের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় তারা রাত ৩টে পর্যন্ত সেখানে মদ্যপান ও পার্টি চালিয়ে যায়। অভিযোগ, সেই সময় দুই পুরুষ সহকর্মী তরুণীকে ধর্ষণ করেন এবং বাকিরা তাঁদের সহায়তা করেন।

তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজন পুরুষ ও দুইজন নারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।