ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
প্রেমিককে দেখে ফেলায় শাশুড়িকে খুন, গ্রেপ্তার পুত্রবধূ ও তাঁর প্রেমিক
বিহারের পূর্ণিয়ায় পুত্রবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রেমিককে দেখে ফেলায় এক প্রৌঢ়াকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
বিহারের পূর্ণিয়া জেলায় এক বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর পুত্রবধূ ও এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রমলা দেবী। গত ২৫ নভেম্বর রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে পুত্রবধূ গুড্ডি কুমারীর ঘরে তাঁর প্রেমিক ঋষি কুমারকে দেখতে পান রমলা দেবী। আপত্তিকর পরিস্থিতিতে দেখে ফেলায় প্রতিবাদ করেন ওই প্রৌঢ়া। এর পরেই দুজনে মিলে তাঁকে ভারী বস্তু দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
খুনের পর পুলিশের নজর ঘোরাতে প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন অভিযুক্ত যুবতী। পরিবারের দাবি ছিল, জমি নিয়ে পুরনো বিবাদের জেরে প্রতিবেশীরাই ওই খুন করেছেন। সেই অভিযোগে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল। তবে তদন্তে নেমে অসঙ্গতি মেলায় পুলিশ একটি বিশেষ দল গঠন করে।
জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে সব কথা স্বীকার করেন পুত্রবধূ ও তাঁর প্রেমিক। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে। প্রতিবেশীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।