ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
হাসপাতালে রোগীকে হেনস্থা, ভাইরাল সিসিটিভি ফুটেজ
কর্নাটকের হাভেরী জেলা হাসপাতালে মেঝেতে শুয়ে থাকা এক মহিলা রোগীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল।
কর্নাটকের একটি সরকারি হাসপাতালে মেঝেতে শুয়ে থাকা এক মহিলা রোগীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। হাভেরী জেলা হাসপাতালের এই ঘটনায় শোরগোল পড়েছে। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। অভিযুক্ত যুবকের সন্ধান চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গভীর রাতে। হাভেরী জেলা হাসপাতালের পুরুষ ও মহিলা মিশ্রিত ওয়ার্ডের মেঝেতে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন ওই মহিলা রোগী। রাত প্রায় দুটো নাগাদ ওয়ার্ডের ভিতর এক যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। কিছু ক্ষণ পরে সে ওই মহিলার চাদরের নিচে ঢুকে পড়ে এবং তাঁকে অশালীন ভাবে স্পর্শ করে বলে অভিযোগ।
হঠাৎ গায়ে হাত পড়ায় ঘুম ভেঙে যায় মহিলার। তিনি সঙ্গে সঙ্গে ধড়ফড় করে উঠে বসেন এবং ওই যুবককে চড় মারেন। তাঁর চিৎকারে আশপাশের রোগীরাও জেগে ওঠেন। এর পর হাতাহাতি ও বচসা শুরু হলেও শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত।
হাসপাতাল সূত্রে খবর, গত সপ্তাহেও এই চত্বর থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ এই ঘটনার সঙ্গে মোবাইল চুরির যোগ থাকতে পারে বলেও অনুমান করছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন রোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।