RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

চলন্ত ট্রেন থেকে তরুণীকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

মুম্বইয়ের লোকাল ট্রেনে শ্লীলতাহানির প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে এক তরুণীকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল, বাদ গেল একটি হাত।

চলন্ত লোকাল ট্রেনে শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক তরুণীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই তরুণীর একটি হাত কেটে বাদ দিতে হয়েছে এবং মাথায় ষোলোটি সেলাই পড়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের লোকাল ট্রেনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোরিভলি থেকে ভিরার যাওয়ার পথে এক তরুণীর গায়ে বাজেভাবে হাত দেয় এক সহযাত্রী। প্রতিবাদ জানিয়ে জুতো খুলে ওই ব্যক্তিকে মারেন তরুণী। এরপর দু'জনের মধ্যে বচসা শুরু হয়। অন্যান্য যাত্রীরা থামানোর চেষ্টা করলেও অভিযুক্ত গালিগালাজ করে এবং জুতোর বাড়ি মারে। ট্রেন নাইগাঁও স্টেশনে পৌঁছলে আচমকা তরুণীকে ধাক্কা মেরে ফেলে দেয় সে।

ট্রেনের দুই বগির মাঝে লাইনে পড়ে গিয়ে মারাত্মক জখম হন তরুণী। ট্রেনের চাকায় কাটা পড়ে কনুইয়ের কাছ থেকে তাঁর বাঁ-হাত বাদ দিতে হয়েছে। প্ল্যাটফর্মে তোলার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিড়ের সুযোগে অভিযুক্ত পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করে।