ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
নো ম্যান্স ল্যান্ডে আটকে মহিলা, চার দিন ধরে কাটছে খোলা আকাশের নিচে
ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে গত চার দিন ধরে আটকে রয়েছেন এক মহিলা, বিএসএফ ও বিজিবি-র জেরে তৈরি হয়েছে জটিলতা।
ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে গত চার দিন ধরে আটকে রয়েছেন বছর ত্রিশের এক মহিলা। অসমের কাকড়িপাড়া সীমান্তচৌকি এবং বাংলাদেশের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের ঘটনা। গত মঙ্গলবার থেকে তিনি খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। তাঁর সম্বল বলতে কেবল একটি পাতলা কম্বল। বিএসএফ এবং বিজিবি—কেউই তাঁকে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলে খবর। শনিবার দুপুর পর্যন্ত এই বিষয়ে কোনও সমাধান হয়নি।
বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে, ওই মহিলা একজন বাংলাদেশি নাগরিক। ভিক্ষুক সেজে তিনি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অসমে ঢোকার চেষ্টা করছিলেন। অন্যদিকে বাংলাদেশের দাবি, আন্তর্জাতিক ১০৭৬ নম্বর পিলারের কাছ দিয়ে মঙ্গলবার সকালে তাঁকে পুশ ইন করার চেষ্টা করেছিল বিএসএফ। জামালপুর ৩৫ নম্বর বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এর পর থেকেই তিনি জিরো লাইনে রয়েছেন।
সামনে আসা একটি ছবিতে দেখা গিয়েছে, মাটির উপর খড় ও একটি পাতলা কম্বল বিছিয়ে বসে রয়েছেন ওই মহিলা। তাঁর সামনে কিছু খাবারের প্যাকেট ও জলের বোতল রাখা রয়েছে। নিজের নাম ফুজি বেগম বলে জানিয়েছেন ওই মহিলা। বাবার নাম হানিফ বলে দাবি করেছেন। তবে নিজের ঠিকানা নিয়ে তিনি বারবার বয়ান বদল করেছেন বলে জানা গিয়েছে। কখনও তিনি পিরোজপুর, কখনও ঝালকাঠি, আবার কখনও বরিশালের বাসিন্দা বলে দাবি করেছেন। স্থানীয় বাসিন্দারা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি তুলেছেন।