RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

উৎসবের দিনে সীমান্তে বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দিলেন মহিলারা

পরিবার থেকে দূরে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দিয়ে আত্মীয়তার বন্ধনে জড়ালেন নদিয়ার ধরমপুর গ্রামের মহিলারা।

পরিবার থেকে দূরে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ধরমপুর গ্রামের মহিলারা। বুধবার ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের কপালে ফোঁটা দেন তাঁরা। গ্রামের মহিলাদের এই উদ্যোগ সীমান্ত এলাকায় এক ঘরোয়া উৎসবের পরিবেশ তৈরি করে।

উৎসবের দিনেও বাড়ির বাইরে কাটাতে হয় জওয়ানদের। বোনেদের স্নেহ থেকে তাঁরা বঞ্চিত থাকেন। এই অভাব দূর করতে গ্রামের মহিলারা নিজেরাই মিষ্টির থালা সাজিয়ে সীমান্তে পৌঁছে যান। শাঁখ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে এবং ধান-দূর্বা দিয়ে জওয়ানদের বরণ করেন তাঁরা।

গ্রামের বাসিন্দা মিনতি দাস জানান, দেশের সুরক্ষার জন্য জওয়ানরা পরিবার ছেড়ে দূরে থাকেন। ভাইফোঁটার দিনে তাঁদের ফোঁটা দিতে পেরে মহিলারা আনন্দিত। অপর বাসিন্দা সুচরিতা রক্ষিত জানান, এমন আনন্দ তাঁরা আগে পাননি। জওয়ানদের সুস্থ ও নিরাপদ জীবন কামনা করেছেন স্থানীয় মহিলারা। সীমান্তে এই আয়োজনের ফলে খুশি জওয়ানরাও।