জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
বিশ্ব ডায়াবেটিস দিবসে হাওড়ায় পদযাত্রা, সুস্থ জীবনের বার্তা চিকিৎসকদের
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হাওড়ায় একটি পদযাত্রার আয়োজন করা হয়। সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত হাঁটা ও পরিশ্রমের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে হাওড়ায় একটি বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির পক্ষ থেকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালের কাছ থেকে শনিবার সকালে এই ওয়াকাথন শুরু হয়। ডায়াবেটিস দূরে রাখতে এবং শরীর সুস্থ রাখতে শারীরিক পরিশ্রম ও হাঁটার ওপর জোর দিয়েছেন চিকিৎসকেরা।
হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির তরফে জয়তী ভট্টাচার্য জানান, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত হাঁটা এবং সঠিক জীবনযাত্রা অত্যন্ত জরুরি। বিশিষ্ট চিকিৎসক গুরুপ্রসাদ ভট্টাচার্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন। চিকিৎসক সঞ্জয় কে সাহা জানিয়েছেন, রোগ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন নিয়ম করে হাঁটা এবং পরিশ্রম করা দরকার। চিকিৎসক মৃদুল বেরার মতে, সচেতন থাকলে এই রোগ নিয়েও সুস্থ থাকা সম্ভব।
উল্লেখ্য, স্যার ফ্রেডেরিক ব্যানটিং-এর জন্মদিবস অর্থাৎ ১৪ নভেম্বর প্রতি বছর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হয়। ইনসুলিন আবিষ্কারক এই চিকিৎসকের জন্মদিনটিকে স্মরণ করে ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ সভায় এই দিনটিকে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়ে আসছে।