পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
জলপাইগুড়ি হাসপাতালে রক্ত অদলবদল, অসুস্থ দুই রোগী, তদন্তে স্বাস্থ্য দপ্তর
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল রক্ত দেওয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছেন দুই রোগী, ঘটনার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের শরীরে ভুল রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে দুই রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি পরিবারের। এই ঘটনায় জলপাইগুড়ি জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একই ওয়ার্ডে ভর্তি ছিলেন বলিন রায় এবং বীরেন্দ্র নাথ শর্মা। বলিনের বাড়ি রানীনগরে এবং বীরেন্দ্রর বাড়ি কচুয়া বোয়ালমারী গ্রামে। দুই রোগীর রক্তের গ্রুপ আলাদা ছিল। পরিবারের অভিযোগ, কর্তব্যরত নার্স ভুল রক্ত দেওয়ায় দুই রোগীরই শারীরিক অবস্থার অবনতি হয়। ঘটনার পরেই হাসপাতালের চত্বরে বিক্ষোভ শুরু করেন রোগীর আত্মীয়রা।
খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দুই রোগীই আপাতত সুস্থ রয়েছেন।
ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। হাসপাতালের নিরাপত্তা এবং চিকিৎসায় গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবারের সদস্যরা।