ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
এক্স হ্যান্ডেলে পেরেন্টাল কন্ট্রোল, নিয়ন্ত্রণে থাকবে শিশুদের অ্যাকাউন্ট
শিশুদের সোশাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে আনতে নতুন ফিচার আনল এলন মাস্কের এক্স।
সোশাল মিডিয়া ব্যবহারে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন পেরেন্টাল কন্ট্রোল ফিচার চালু করল এলন মাস্কের প্ল্যাটফর্ম এক্স। এতদিন এই প্ল্যাটফর্ম শিশুদের জন্য তৈরি নয় বলে দাবি করা হলেও, গবেষণায় দেখা গিয়েছে অনেক কমবয়সিদেরই অ্যাকাউন্ট রয়েছে। সেই কারণেই এই পদক্ষেপ।
নতুন নিয়ম অনুযায়ী, ১৩ থেকে ১৭ বছর বয়সি ব্যবহারকারীদের সমস্ত অ্যাকাউন্ট ডিফল্টভাবে সুরক্ষিত মোডে রাখা হবে। এর ফলে প্রোফাইলগুলি ব্যক্তিগত থাকবে এবং সংবেদনশীল মিডিয়া দেখার সুযোগ সীমিত থাকবে।
এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা দেখতে পারবেন তাঁদের সন্তানেরা গত সাত দিনে কত সময় এক্স ব্যবহার করেছে। এছাড়া ১৫ মিনিটের ব্যবধানে দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা যাবে। সময় শেষ হলে অ্যাপটি নিজে থেকেই লক হয়ে যাবে।
পাশাপাশি, নতুন ফলোয়ারদের অনুমোদন দেওয়া, নির্দিষ্ট শব্দ মিউট করা এবং সন্তানের সোশাল মিডিয়া ওয়ালে কোন ধরনের পোস্ট বা ভিডিও আসবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা। সরাসরি মেসেজের ক্ষেত্রে কোন অ্যাকাউন্টগুলির সঙ্গে কথা বলা হচ্ছে তার তালিকাও দেখা যাবে। তবে অভিভাবকদের জন্য ব্যক্তিগত বার্তা পড়া, সার্চের ইতিহাস দেখা বা পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ রাখা হয়নি।