ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ক্রিকেটারের আত্মহত্যার অভিযোগ, তেলেঙ্গানায় বিক্ষোভ পরিবারে
তেলেঙ্গানায় বিসিসিআইয়ের অনূর্ধ্ব-১৯ দলের এক তরুণী ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তেলেঙ্গানার ভিকারাবাদ শহরে ১৭ বছর বয়সি এক তরুণী ক্রিকেটারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, দুই ব্যক্তির ক্রমাগত হয়রানির কারণে সে এই চরম পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি বিসিসিআইয়ের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিল ওই কিশোরী। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
মৃত ক্রিকেটারের নাম নন্দিনী। ভিকারাবাদে ঠাকুমার বাড়িতে থেকে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট প্রশিক্ষণ নিত সে। শুক্রবার সকাল ৯টা নাগাদ ভিকারাবাদ থানার পুলিশ তার মৃত্যুর খবর পায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই অনুমান করা হচ্ছে।
পরিবারের দাবি, অনিল ও কৃষ্ণ নামের দুই ব্যক্তি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্যক্ত করত। এই হেনস্তার জেরেই সে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ। নন্দিনীর মৃত্যুর খবর ছড়াতেই ক্ষুব্ধ পরিবার ও আত্মীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তাঁরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য নন্দিনীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ আধিকারিক রঘু জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার চ্যাট ও বার্তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ তাকে হেনস্তা করেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।